শিশু নির্যাতন ও ধর্ষণ বাড়ছে নৈতিক অবক্ষয়ের কারণে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১৮ পিএম

সংগৃহীত

সাম্প্রতিক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘদিনের নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের পতনের প্রতিফলন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এই অমানবিক অপরাধগুলোর বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো এবং এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো, যেখানে শিশুরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে।”

তিনি আরও বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মহাসচিব বলেন, পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন ও প্রতিটি নাগরিককে একযোগে দায়িত্ব নিতে হবে।

তার ভাষায়, নতুন প্রজন্মকে সম্মানবোধ, মানবিকতা, দায়িত্বশীলতা ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে।

সবশেষে তিনি বলেন, “আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top