রামিসা হত্যা বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করবে সরকার: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:১২ পিএম
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার অঙ্গীকার করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ ধরনের নৃশংস অপরাধ কোনোভাবেই অমীমাংসিত বা ‘আনচ্যালেঞ্জড’ থাকতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, “মাগুরার আসিয়া ও ঢাকার রামিসার ঘটনা আমাদের মানবিকতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”
তিনি জানান, রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে এবং এটিকে ফাস্ট ট্র্যাক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে রামিসার বাবার উদ্বেগ অমূলক নয়। মামলার জট কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “দ্রুত বিচার না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। তাই বিচার প্রক্রিয়াকে কার্যকর ও দ্রুত করতে যা যা দরকার, সরকার তা করবে।”
ধর্ষণ মামলার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রী বলেন, এখন থেকে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের আবেদন বিবেচনায় নেওয়া হবে না।
এর আগে মাগুরার আলোচিত আসিয়া হত্যা মামলার বিচার এক মাসের মধ্যে শেষ করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার।
রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, এটি সুপ্রিম কোর্টের এখতিয়ার। তবে দ্রুত কার্যকরের জন্য সরকার আদালতের কাছে অনুরোধ জানাতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:
