ঈদের ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০২:২২ পিএম
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি যাত্রার টিকিট। এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কাটতে হলে সহযাত্রীদের নাম উল্লেখ করতে হবে।
এর আগে গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। সেদিন ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ২৪ মে, ২৫ মে, ২৬ মে ও ২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে।
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে ঈদযাত্রা ও ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএফ৭১/একে
বিষয়:
