ইতালিতে সন্ত্রাসী হামলা ঠেকিয়ে ‘বাঙালি হিরো’ সাকু তালুকদার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:৫০ এএম

সংগৃহীত

ইতালিতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন ২১ বছর বয়সী বাংলাদেশি তরুণ সাকু তালুকদার। দেশটির বিভিন্ন গণমাধ্যম তাকে ইতোমধ্যে ‘বাঙালি হিরো’ হিসেবে আখ্যা দিয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৬ মে) ইতালির মোডেনা শহরের ভিয়া এমিলিয়া সড়কে। স্থানীয় সংবাদমাধ্যম ‘ইল রেস্তো দেল কার্লিনো’র তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি নিয়ে ফুটপাতে উঠে একাধিক পথচারীকে চাপা দেন, এতে চারজন গুরুতর আহত হন এবং এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে ওই হামলাকারী গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে আবারও আক্রমণ করার চেষ্টা করলে উপস্থিত এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করেন। সেই মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে এগিয়ে আসেন সাকু তালুকদার।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী ছুরি উঁচিয়ে আরেক ব্যক্তিকে আক্রমণের চেষ্টা করলে সাকু সাহসিকতার সঙ্গে তার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।

সাকু আরও জানান, ঘটনার পর তিনি আহতদের কাছে গিয়ে পানি দেন এবং পুলিশ ও অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত প্রাথমিক সহায়তা করেন।

তিনি বলেন, মানুষকে বিপদে সাহায্য করাই তার মানবিক দায়িত্ব। অভিবাসীদের নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও এই ঘটনার মাধ্যমে ভিন্ন বার্তা দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এই সাহসিকতার ঘটনায় ইতালির মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছেন সাকু তালুকদার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top