দুই বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ০১:১৫ এএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে।
বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণে সরেজমিন পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরের রানওয়ে ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
মির্জা ফখরুল বলেন, বিমানবন্দর চালু হলে ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, জুলাই সনদ নিয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, সংস্কারের উদ্যোগ বিএনপিই নিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজনের কোনো স্থান নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, বিমানবন্দরটি দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হবে। প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও আশা প্রকাশ করেন, দুই বছরের মধ্যেই ঠাকুরগাঁও থেকে বিমানযোগে ঢাকায় যাতায়াত সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
