শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারেজও করবে সরকার: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১২:১২ এএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের অবহেলিত অঞ্চলের পানির সংকট নিরসন ও কৃষির উন্নয়নে শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার।

বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীতে নবনির্মিত ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সঠিক পূর্বপ্রস্তুতি, সচেতনতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের সম্পদ ও মানুষের জীবন রক্ষা করা সম্ভব। তিনি আরও বলেন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যাবে।

দেশের টেকসই উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রতিটি খাতে সরকার দীর্ঘমেয়াদি ও দূরদর্শী পরিকল্পনা হাতে নিয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইউনিট’ ভবনের কাজ ২০২৮ সালের শুরুর দিকে শেষ হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top