উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের ওপর হামলা, আহত কয়েকজন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মে ২০২৬, ১২:০৯ এএম

সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ–এর দখলকৃত জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযান শুরু হয়। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করতেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানা যায়।

অভিযানের এক পর্যায়ে দুপুরের দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু লোকজন পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে নিরাপদ স্থানে সরে যান।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, প্রায় দুপুর ১২টার দিকে স্থানীয়দের হামলায় উত্তেজনা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় ৫০ বিঘা সরকারি জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক সংশ্লিষ্ট স্পট ও বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুরের পর আবারও উচ্ছেদ অভিযান পুনরায় শুরু হয় বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top