‘যেখানেই মব হবে, সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ’: ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:৫০ পিএম
ঢাকা মহানগর পুলিশ-এর নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে যেখানেই মব সৃষ্টি হবে, সেখানেই তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নেবে।
বুধবার (২০ মে) রাজধানীতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, মব কালচারের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
তিনি বলেন, বিশেষ অভিযানে এখন পর্যন্ত ২০৬ জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানো ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, থানাকে জনবান্ধব করতে কাজ চলছে এবং কোনো থানায় দালালের অস্তিত্ব থাকতে দেওয়া হবে না। সেবাপ্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ওসিদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি জানান, এসব গ্যাংয়ের সদস্য ও নেতৃত্বদানকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
