আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করবেন: রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:২১ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবেন।
বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, যানজট নিরসনসহ নানা ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি তারা যুব ও নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠনে অবদান রাখছেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় যে কোনো বাহিনীর কার্যকারিতা নির্ভর করে পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর।
রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, যা প্রশংসনীয়। ভবিষ্যতে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে এ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে বাহিনীর সদস্যরা দেশের জননিরাপত্তায় আরও অবদান রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
