৮ ঘণ্টার মধ্যে ঢাকা পরিচ্ছন্ন করা হবে: ডিএসসিসি প্রশাসক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০৪ পিএম
কোরবানির পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হবে এবং কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন আব্দুস সালাম।
বুধবার (২০ মে) সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, পশুর হাটগুলোতে পশু চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে থাকে।
এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। লার্ভা জন্মাতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে এবং নাগরিকদের পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
