যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০২ পিএম
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যালেক্স নরিসর সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার, অভিবাসন সহযোগিতা, দক্ষতা ও মেধা বিনিময়, এবং বাংলাদেশি পেশাজীবীদের যুক্তরাজ্যে নির্দিষ্ট সময়ের কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হয়।
এছাড়া যুক্তরাজ্যের ক্রমবিকাশমান অর্থনৈতিক অভিবাসন কাঠামোর অধীনে পারস্পরিক সুবিধা বৃদ্ধির বিষয়েও কথা হয় বলে জানানো হয়।
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন মাহদী আমিন। তিনি লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ অংশ নেন, যেখানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের শিক্ষা বিষয়ক মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফোরামে অংশ নিয়ে মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী বাংলাদেশের জন্য প্রস্তুত করাই সরকারের লক্ষ্য। বৈশ্বিক সর্বোত্তম অভ্যাস গ্রহণের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:
