সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় আনসার বাহিনী হবে আরও দক্ষ ও গতিশীল: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে আনসার বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে।

বুধবার সকালে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি তৈরিতে বাহিনীটি বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম, শহর, বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বাহিনীটি। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করেছে আনসার সদস্যরা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীটি একটি শৃঙ্খলাবদ্ধ ও স্বতন্ত্র বাহিনী হিসেবে মর্যাদা অর্জন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে। একইভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে শুধু নিরাপত্তা নয়, সামাজিক স্থিতিশীলতা রক্ষাতেও বাহিনীটি কার্যকর ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী জানান, বাহিনীর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ‘সঞ্জীবন’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশমুখী দক্ষ জনশক্তি তৈরিতেও কাজ করছে বাহিনীটি। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতা ও সুস্পষ্ট ভিশন ভবিষ্যতে বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ উপভোগ করেন। পরে মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কেও খোঁজ নেন তিনি।



বিষয়:



Top