‘আমি বিচার চাই না, বিচার করতে পারবেন না’: নিহত রামিসার বাবা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি গণমাধ্যমের সামনে বলেন, তিনি আর বিচার চান না, কারণ তার মতে দেশে বিচার কার্যকরভাবে করা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, “আমার মেয়েও আর ফিরে আসবে না। বিচার শুধু কিছুদিন চলে, পরে সবই ধামাচাপা পড়ে যায়।” তার এ বক্তব্যে ঘটনাটি ঘিরে জনমনে হতাশা ও ক্ষোভ আরও বাড়ে।
এর আগে মঙ্গলবার রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই এলাকার বিপরীত ফ্ল্যাটে ভাড়া আসেন। ঘটনার সময় শিশুটির মা দরজার সামনে উপস্থিত থাকলেও ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল।
পুলিশ আরও জানায়, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়। ময়নাতদন্তের পর পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
