দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার-ভিডিপি জনগণের আস্থার প্রতীক: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৩০ পিএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বর্তমানে একটি নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বুধবার (২০ মে) গাজীপুরের সফিপুরে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাহসিকতা, দায়বদ্ধতা ও মানবিকতায় এই বাহিনী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্টের মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে তারা টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপির দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয় ছিল। দেশের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ৫২ হাজারের বেশি অঙ্গীভূত সদস্য কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, একটি স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম ও শহরের নিরাপত্তা, মৌলিক সেবা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সহায়তায় আনসার-ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে।

সমাবেশে তিনি আরও বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, বন্যা সুরক্ষা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক কার্যকর ভূমিকা রাখতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top