ন্যায়ভিত্তিক ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:০৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি বলেন, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং এটি সরকারের দায়িত্ব।
আজ মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে জমির মালিকানা ও অংশীদারিত্ব বেড়েছে, ফলে ভূমি ব্যবস্থাপনার রেকর্ড সংরক্ষণ আরও জটিল হয়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা-খারিজসহ বিভিন্ন প্রক্রিয়া মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, প্রযুক্তির উন্নতির ফলে ভূমি ব্যবস্থাপনাও ধীরে ধীরে আধুনিক হচ্ছে। অনলাইন সুবিধা চালুর মাধ্যমে জমিজমা সংক্রান্ত ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মও হ্রাস পাবে।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসায় সেবা গ্রহণ সহজ ও দ্রুত হয়েছে। ভবিষ্যতে মানুষকে আর অফিসে ঘুরতে হবে না এবং দুর্নীতি বা হয়রানির শিকারও হতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জমির পরিমাণ কমছে, ফলে জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা বাড়ছে। এ অবস্থায় পরিকল্পিত ভূমি ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তিনি জানান, দেশে বর্তমানে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশই জমিজমা সংক্রান্ত। এ কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর), গ্রাম আদালত ও মধ্যস্থতার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলবার্ট আইনস্টাইনের উক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “শক্তি দিয়ে শান্তি রক্ষা করা যায় না, বোঝাপড়ার মাধ্যমেই এটি অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, ভূমি শুধু সম্পদ নয়; এটি মানুষের নিরাপত্তা, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। তাই জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।
ভূমিসেবা মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সভাপতিত্ব করেন। এছাড়া ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি সচিব এ এস এম সালেহ উদ্দিনসহ বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
