ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নির্মাণ হচ্ছে ২০ নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:০৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও এগিয়ে চলছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও জনসংখ্যা ও চাহিদার তুলনায় এটি যথেষ্ট নয়। এ কারণে গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিবেচনায় নিয়ে নতুন স্টেশন স্থাপন ও পুরোনো স্টেশন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে সম্প্রতি ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর কার্যকারিতা আরও বাড়বে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার সার্ভিস একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান। দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করেন। তাদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের একটি প্রস্তাব বর্তমানে বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদস্যদের আবাসন সুবিধা বাড়াতেও সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া মিরপুরে নতুন সদর দপ্তর ভবনের নির্মাণকাজও এগিয়ে চলছে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ২৬৬ জন আহত এবং ১ হাজার ৩৮ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে ১০ হাজার ৪৮০ জন রোগী পরিবহন, প্রায় ১৫ হাজার গণসংযোগ কার্যক্রম, ২ হাজার ৭৮টি ভবন সার্ভে এবং ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে। অগ্নিনিরাপত্তা বিষয়ে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০২৫ সালে দায়িত্ব পালনকালে ফায়ার সার্ভিসের তিন সদস্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। তাদের বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
এনএফ৭১/ওতু
বিষয়:
