দেশের ৯ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:০৫ পিএম

সংগৃহীত

দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ৯টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ছয়টি কলেজে অধ্যক্ষ, দুটিতে উপাধ্যক্ষ এবং একটি কলেজে একই সঙ্গে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। যদিও আদেশটি জারি করা হয়েছিল সোমবার (১৮ মে)। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার। বরিশাল টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া।

অন্যদিকে মাগুরা সরকারি কলেজে ইংরেজির অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বাংলার অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী এবং রংপুর সরকারি সিটি কলেজে ব্যবস্থাপনার অধ্যাপক মো. শাহজাহান নাসিরকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে দর্শনের অধ্যাপক পারভীন আক্তারকে অধ্যক্ষ এবং একই কলেজের ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানীকে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইনকে উপাধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী বুধবারের (২০ মে) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে সেদিন বিকেল থেকেই তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top