নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৮:৩২ পিএম

সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছেড়েছে। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ নোট ইস্যু কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা অফিস থেকেও নতুন নোট সরবরাহ করা হবে।

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সই করা এ নোট ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ সিরিজের আওতায় মুদ্রিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন পাঁচ টাকার নোটের দৈর্ঘ্য ১১৭ মিলিমিটার এবং প্রস্থ ৬০ মিলিমিটার।

নোটের সামনের অংশে বাঁ পাশে স্থান পেয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদের ছবি। মাঝখানে জাতীয় ফুল শাপলার প্রস্ফুটিত নকশা সংযোজন করা হয়েছে। অন্যদিকে নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর চিত্র। পুরো নোটজুড়ে হালকা গোলাপি রঙের প্রাধান্য দেওয়া হয়েছে।

নতুন নোটে যুক্ত করা হয়েছে একাধিক আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য। জলছাপে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে রয়েছে উজ্জ্বল ইলেকট্রোটাইপ ‘৫’ এবং সরকারের মনোগ্রাম। এছাড়া দুই মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা কাগজের ভেতরে সংযোজন করা হয়েছে, যা আলোতে ধরলে দুই পাশ থেকেই দেখা যায়। নোটের সামনের অংশের নিচে গিলোশ প্যাটার্নের ওপর মাইক্রোপ্রিন্টে অসংখ্যবার ‘বাংলাদেশ’ লেখা রয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০ ও ১০ টাকার নতুন নোটও বাজারে ছাড়া হয়েছে। সোমবার মতিঝিল কার্যালয় থেকে এসব নোট বিতরণ শুরু হয়। পরে দেশের অন্যান্য কার্যালয় থেকেও এসব নোট সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে ২০, ৫০ ও ১০০ টাকার নোটও একই স্বাক্ষরে বাজারে ছাড়া হবে। তবে এসব নোটে শুধুমাত্র গভর্নরের স্বাক্ষর পরিবর্তন করা হয়েছে; নকশা, রং, আকার ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই রাখা হয়েছে।

চব্বিশের আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নতুন নকশার নোট চালুর উদ্যোগ নেয়। নতুন সিরিজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরে ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়া হয়েছিল।

তবে এখনো নতুন নকশায় ১ ও ২ টাকার নোট মুদ্রণ করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top