গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

সংগৃহীত

বুধবার (২০ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের গাজীপুর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকারি ও দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে সফিপুর ও গাছা এলাকায় সাজ সাজ রব পড়েছে।

প্রধানমন্ত্রীর সফরের প্রধান আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। সকালে সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে গাছা এলাকায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কার্যক্রমে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জেলা প্রশাসকের ভাষ্য অনুযায়ী, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিশেষায়িত ইনস্টিটিউট দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। দেশের সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গাজীপুরের সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও আবেগঘন সম্পর্ক রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে পৃথক মহকুমা ঘোষণা করেছিলেন এবং নিজে উপস্থিত থেকে মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন। সেই ইতিহাসের কারণেই গাজীপুরবাসীর হৃদয়ে এ পরিবারের প্রতি রয়েছে বিশেষ টান।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাজীপুর মহানগরজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতি সম্পন্ন করেছেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সর্বস্তরের মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top