ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৭:২২ পিএম
ভূমিসেবাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের কাছে সহজে ভূমিসেবা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে মানুষকে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মেলার মাধ্যমে জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল, বর্তমান সরকার তা পরিবর্তন করতে চায়।
এ বছর ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
মেলার উদ্দেশ্যের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে সেবা পাওয়ার ধারণা দেওয়া, সরাসরি সেবা প্রদান, কর প্রদান সহজ করা, রাজস্ব বৃদ্ধি, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।
এই ভূমিসেবা মেলা বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল এবং জাতীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
