পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০২:০০ এএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশের পর্যটন খাত ভবিষ্যতে কর্মসংস্থান ও অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি হিসেবে গড়ে উঠবে। সরকার পর্যটনকে শুধু অর্থনৈতিক খাত হিসেবেই নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে।
রোববার রাজধানীর একটি হোটেলে Tour Operators Association of Bangladesh (TOAB) আয়োজিত ‘TOAB International Tourism Award 2026’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে উন্নয়ন ও প্রচারের লক্ষ্যে সরকার একটি সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনায় ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে নীতিগত সংশোধনী আনতে TOAB-এর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ হলেও ভবিষ্যতে তা ৮ থেকে ৯ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
এ সময় পর্যটন খাতের অবকাঠামোগত উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা পদক প্রদান করা হয়।
বিষয়:
