ঈদে সড়ক খোঁড়াখুঁড়ি না করার আহ্বান ডিএমপি কমিশনারের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৫২ এএম

সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সভায় ঈদের ছুটির সময় সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। একই সঙ্গে নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করারও অনুরোধ করা হয়।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় ডিএমপি সদরদপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার।

সভায় তিনি বলেন, “রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সচল রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও জানান, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদককারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হবে।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। পাশাপাশি নৌপথে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন তিনি।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, নৌপরিবহন অধিদপ্তর, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top