স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: সিইসি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:৪৯ এএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন দেশে একটি ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়ে তুলতে চায়, যাতে শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বহু সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ায় একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা দেখা যায়।
তিনি বলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে একটি সফল নির্বাচন আয়োজন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
