‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:৩৯ এএম

সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে নাগরিকবান্ধব ভূমিসেবা পৌঁছে দেওয়া।

গত রোববার (১৭ মে) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন।

তিনি জানান, ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন চালুর ফলে অনেক সেবা এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। তবে এসব ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়াতেই এই মেলার আয়োজন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানটি দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে সারা দেশে একযোগে উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে।

মেলায় অংশগ্রহণকারীরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজাম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন। পাশাপাশি কিছু সেবা তাৎক্ষণিকভাবে প্রদানও করা হবে, যেমন ই-নামজারি আবেদন জমা, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ।

এছাড়া ভূমি সেবার অভিযোগ ব্যবস্থাপনার জন্য জাতীয় হটলাইন ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন ০১৭০৬৮৮৮৭৮৭ ব্যাপকভাবে প্রচার করা হবে। ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক একটি তথ্যবহুল বুকলেটও মেলায় বিতরণ করা হবে।

ভবিষ্যতে ভূমিসেবাকে আরও একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনার কথাও জানানো হয়। এর মধ্যে ডিজিটাল জরিপ, ল্যান্ড জোনিং এবং জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদানের উদ্যোগ রয়েছে। পাশাপাশি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের সমন্বয়ে একসঙ্গে ডিজিটাল রেজিস্ট্রেশন ও ই-নামজারি চালুর পরিকল্পনাও রয়েছে।

মেলা সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আয়োজকরা সবাইকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ১৯ মে সকাল সাড়ে ৯টায় বোয়ালিয়া ভূমি অফিস থেকে মেলা উপলক্ষে একটি র‌্যালি বের করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top