অসুস্থ শিশু খাদিজার খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:৪২ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার খোঁজ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
আজ প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত “এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি” শিরোনামের সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে গিয়ে খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়।
১৭ মে ২০২৬, রোববার বিকেলে প্রধানমন্ত্রীর এই মানবিক খোঁজখবর ও সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন খাদিজার মা সায়মা বেগম। সন্তানের শয্যার পাশে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছোট্ট খাদিজার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ছোট্ট খাদিজা। কয়েকদিন ধরেই সন্তানকে বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন তার বাবা-মা। এরই মধ্যে যমজ দুই সন্তানের একজনকে মাত্র এক মাস আগে হারিয়েছে পরিবারটি। এখন জীবনের সঙ্গে লড়াই করছে অপর শিশু খাদিজা।
এনএফ৭১/ওতু
বিষয়:
