চামড়া শিল্পখাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নির্ধারণ: শিল্পমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

চামড়া শিল্পখাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে কার্যকর করণীয় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

শনিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের ৯ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান খান, বেপজার নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও নষ্ট হতে দেওয়া হবে না। পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মাধ্যমে চামড়া খাতকে দেশের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে যাতে কাঁচা চামড়া নষ্ট না হয়। পাশাপাশি চামড়া শিল্পকে লাভজনক খাতে রূপান্তর করতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি।

কোরবানির ঈদে এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পশুর চামড়া পাঠানো হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

সভায় বিটিএ’র প্রতিনিধির অনুরোধে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং চামড়া শিল্পনগরীর নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।



বিষয়:



Top