ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে মিলল ৩ জনের শুক্রাণু, একজনের রক্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৩:১৬ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণু এবং একজনের রক্তের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত মোট চারজনের নমুনা শনাক্ত হয়েছে।
রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কয়েক মাস আগে অপরাধ তদন্ত বিভাগে একটি চিঠি দিয়ে তনুর পোশাক থেকে পাওয়া নমুনা সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। প্রায় এক মাস আগে তদন্তকারী সংস্থাকে জানানো হয়, পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের রক্তের অস্তিত্ব মিলেছে।
তদন্ত কর্মকর্তা বলেন, এর ফলে সন্দেহভাজনের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নতুন নয়। এর আগে ২০১৭ সালে তিনজনের নমুনার তথ্য সামনে এলেও সম্প্রতি আরও একজনের রক্তের তথ্য পাওয়া গেছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুই দফা ময়নাতদন্ত হলেও তার মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এনএফ৭১/একে
বিষয়:
