অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:৫৫ এএম
রাজধানী ঢাকাকে গত ১৮ মাসে ‘১৮ বছর পিছিয়ে দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় কার্যকর কোনো উন্নয়ন করতে পারেনি, বরং ঢাকার পরিস্থিতি আরও খারাপ করেছে।
রোববার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনা: বন, পরিবেশ, নদী ও নগরায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
আবদুস সালাম বলেন, “অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ১২টা বাজিয়ে গেছে। যারা পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি কথা বলতেন, বাস্তবে তারাই কোনো উন্নয়ন করতে পারেননি। উল্টো রাজধানীকে ১৮ বছর পিছিয়ে দিয়েছেন।”
তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবে রাজধানীতে যানজট, হকার সংকট, বায়ুদূষণ ও নাগরিক দুর্ভোগ ভয়াবহ আকার নিয়েছে। শুধু বক্তব্য দিয়ে নয়, বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ইতোমধ্যে ১৫ দিনের বিশেষ জরিপ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন। কোথায় মশার লার্ভা জন্ম নিচ্ছে বা জন্ম নেওয়ার ঝুঁকি রয়েছে, তা চিহ্নিত করা হচ্ছে।
তিনি বলেন, নাগরিকদের অসচেতনতার কারণেও বায়ুদূষণ ও শব্দদূষণের মতো সমস্যা বাড়ছে। সবাই সচেতন হলে দুই বছরের মধ্যেই ঢাকার চেহারা বদলে দেওয়া সম্ভব।
বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আবদুস সালাম বলেন, বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে একই রাস্তা বারবার কাটতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ধানমন্ডিতে পরীক্ষামূলকভাবে সব ধরনের সেবা লাইন মাটির নিচে নেওয়ার কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার খাল ও প্রাকৃতিক জলপথ ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় নিউমার্কেটসহ নিচু এলাকাগুলোতে দ্রুত পানি জমে যাচ্ছে।
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও সার উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাসা থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তিনি বলেন, রাজধানীতে একদিনে লক্ষাধিক পশু কোরবানি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করবে সিটি করপোরেশন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। এছাড়া পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়:
