কবে দেশে ফিরবেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৪:২৭ পিএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
শনিবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের বরাতে আফরোজা আব্বাস জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল।
তিনি বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি এবং তার শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছে।
আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া চিকিৎসকের পরামর্শে প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন তিনি।
এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা নিয়মিত হাসপাতালে ছুটে যাচ্ছেন। মির্জা আব্বাসও তাদের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাস মালয়েশিয়া শাখার বিভিন্ন নেতাসহ প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
