ঢাকায় স্বস্তির বৃষ্টি,নাজেহাল কর্মজীবী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:০২ পিএম
রাজধানী ঢাকায় রোববার সকাল শুরু হয়েছে ঝুম বৃষ্টির মধ্য দিয়ে। সকাল পৌনে আটটার দিকে হঠাৎ নামা এ বৃষ্টিতে নগরজীবনে যেমন কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে, তেমনি টানা গরমের পর স্বস্তিও ফিরেছে জনমনে।
সকালের ব্যস্ত সময়ে বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবী অনেকেই বিপাকে পড়েন। ছাতা ছাড়া বের হওয়া পথচারীরা আশপাশের দোকান ও ভবনের নিচে আশ্রয় নেন। আর যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি ভেজা এড়াতে পারেননি। বিশেষ করে রাস্তায় হাঁটার সময় প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বাড়ে।
একজন বাসযাত্রী বলেন, সকালে আকস্মিক বৃষ্টির কারণে যাতায়াতে কিছুটা সমস্যা হয়েছে। তবে আবহাওয়ার পরিবর্তনে স্বস্তিও মিলেছে।
অন্যদিকে এক কর্মজীবী নারী জানান, ভোগান্তি থাকলেও বৃষ্টির কারণে গরমের তীব্রতা কমবে বলে তিনি মনে করছেন।
হঠাৎ এ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। তবে অনেকেই বলছেন, কয়েক দিনের দাবদাহের পর এমন বৃষ্টি নগরজীবনে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
