‘প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি করেননি’: এ্যানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৩:৩৫ এএম

সংগৃহীত

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। বরং তাঁর নেতৃত্বে দেশের মানুষ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধনী জনসভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এ্যানি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন জাগরণ সৃষ্টি করেছি। জনগণ ধানের শীষে ভোট দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপির প্রার্থীদের বিজয়ী করেছে।”

এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় কুশাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, নির্বাচনের মাত্র তিন মাসের মধ্যেই বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি দাবি করেন, নির্বাসিত জীবন থেকেও তারেক রহমান দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছেন।

সভায় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমসহ জেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top