ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখতে আসছে ট্রাম্পের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:৩৪ পিএম

সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে আলোচনায় থাকা ৭০০ কেজি ওজনের ভাইরাল মহিষ “ডোনাল্ড ট্রাম্প মহিষ” এবার আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। নারায়ণগঞ্জের একটি ফার্মে থাকা এই মহিষকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কূটনৈতিক প্রতিনিধিরাও বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে রাখা এই এলভিনো জাতের গোলাপি মহিষটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন। রাজধানী ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা আসছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে “ডোনাল্ড ট্রাম্প” নামের এই মহিষ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে। কিছু বিদেশি সংবাদমাধ্যমে আসল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে ফটোকার্ডও প্রকাশ করা হয় বলে দাবি করা হচ্ছে।

ফার্ম কর্তৃপক্ষ জানায়, মহিষটির অনন্য রং ও গঠন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে এলাকা সরগরম থাকে।

ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এই মহিষটি এতটা ভাইরাল হবে তা তিনি কল্পনাও করেননি। তার দাবি, দেশের পাশাপাশি বিদেশ থেকেও এ নিয়ে আগ্রহ দেখানো হচ্ছে এবং বিভিন্ন যোগাযোগও এসেছে।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, মহিষটির বিষয়ে বিদেশি কূটনৈতিক পর্যায় থেকেও খোঁজ নেওয়া হয়েছে বলে তারা অবগত হয়েছেন। বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং কবে তারা ফার্মটি পরিদর্শন করবেন তা এখনো নিশ্চিত নয়।

দর্শনার্থীরা বলছেন, “ডোনাল্ড ট্রাম্প” নামের এই মহিষ শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় হয়ে উঠেছে—যা তাদের কাছে গর্বের বিষয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top