কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লাকে বিভাগ করার দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় কুমিল্লা বিভাগ চেয়ে নেতাকর্মীদের টানা স্লোগানের প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটি বাস্তবায়ন হবে।”

একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়েও শিগগিরই শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকারপ্রধান।

বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী পথসভা মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

পথসভায় কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণা এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

একইভাবে স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন কুমিল্লাকে বিভাগ ঘোষণা, কুমিল্লা সদর হাসপাতালকে আড়াইশো থেকে তিনশো শয্যায় উন্নীত করার দাবি জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত গণসংযোগ সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে যাচ্ছেন। পথিমধ্যে তিনি এই পথসভায় অংশ নেন।”

সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষ্মীপুর বাজার মাঠের এই পথসভা হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয়।

সরকারপ্রধান এদিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন এবং সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে পারিবারিক কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি। এছাড়া চাঁদপুর ক্লাবে স্থানীয় দলের সাংগঠনিক মতবিনিময় সভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এনএফ৭১/একে



বিষয়:



Top