এমডি মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
দেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
মির্জা ফখরুল বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গন, ঔষধ শিল্প ও ব্যবসায়িক খাতের জন্য অপূরণীয় ক্ষতি।
গত শুক্রবার রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক সম্পন্ন করে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন।
তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে অসুস্থ হয়ে পড়ায় পরে সেখানে দলীয় মনোনয়ন দেওয়া হয় আব্দুল সালাম আজাদকে।
সূত্র: বাসস
এনএফ৭১/ওতু
বিষয়:
