ইলিশের বাড়ি চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৪৭ পিএম
চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশে যাত্রা করেন।
সফরকালে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পাশাপাশি পরিবার কার্ড বিতরণ কার্যক্রম, পথসভা এবং জেলা পর্যায়ের সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা নজরদারির মধ্যে রাখা হয়েছে। শনিবার বিকেলে ওই মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে পরিবার কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এদিকে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নিরাপত্তার চাদরে ঘেরা এই কর্মসূচি ঘিরে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ২০০৪ সালে তিনি চাঁদপুর সফর করেছিলেন দলীয় কর্মী হিসেবে। এবার এ জেলায় তার এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে শুক্রবার রাতে চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেন সরকারের তিনজন মন্ত্রী। তারা হলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এনএফ৭১/একে
বিষয়:
