আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৪২ পিএম

ছবি: সংগৃহীত

আজ শনিবার, ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হচ্ছে। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক লংমার্চ।

সেদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হন। পরে সেখান থেকে বিশাল লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। নদীর পানির ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এমন গণআন্দোলন এর আগে বা পরেও খুব বেশি দেখা যায়নি।

তৎকালীন সময়ে চুক্তি অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের ঝুঁকিতে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পরিস্থিতির বড় কোনো পরিবর্তন হয়নি বলে জানা যায়।

পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফারাক্কা বাঁধের পানি বণ্টন নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হলেও প্রত্যাশিত পানি পাওয়া নিয়ে এখনো আলোচনা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুর এলাকায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের মাধ্যমে গঙ্গার পানি অন্যদিকে প্রবাহিত হওয়ায় পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। এর ফলে পদ্মা নদীতে বছরের বেশিরভাগ সময় নাব্য সংকট দেখা দেয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top