দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০২:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহর থেকে উপজেলা পর্যন্ত সাজসজ্জা, প্রচারণা ও নেতাকর্মীদের ব্যস্ততায় জমে উঠেছে পুরো জেলা।

শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পথে কুমিল্লার বরুড়া এলাকায় বেলা সাড়ে ১১টায় একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি।

পরে দুপুরে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় পৃথক দুটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জানা গেছে, জেলার সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিখাতে সুবিধা বাড়াতে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘদিন পর তার এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এ সময় ভার্চ্যুয়ালি আরও কয়েকটি জেলার বিভিন্ন কর্মসূচির উদ্বোধনও করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এছাড়া সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক সভায় অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দীর্ঘ বিরতির পর প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top