সরকার সাড়ে ১৫শ’ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বর্তমান সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রায় সাড়ে ১৫শ’ কোটি টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে একমাত্র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে কৃষকদের ৫ হাজার টাকা করে ঋণ মওকুফ করা হয়েছিল।

বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির আয়োজনে অনুষ্ঠিত ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১৩ দিনের মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছে। তিনি জানান, সরকার দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকেও গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে বিভিন্ন উন্নয়ন হলেও কৃষকরা দীর্ঘদিন উপেক্ষিত ছিলেন। একটি ব্যাংক হিসাব খুলতে সাধারণ মানুষের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। তবে এবার তফসিলি ব্যাংকগুলো সরাসরি কৃষকের কাছে পৌঁছে গেছে।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস না করায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশে তালিকাভুক্তির ক্ষেত্রে দীর্ঘদিন দুটি বড় সমস্যা ছিল। যাদের তালিকাভুক্ত হওয়ার কথা তারা অনেক সময় বাদ পড়ে যেতেন, আবার যাদের পাওয়ার কথা নয় তারাও তালিকায় অন্তর্ভুক্ত হতেন। এই সমস্যা দূর করতে সরকার বিজ্ঞানভিত্তিক স্কোর পদ্ধতি চালু করেছে। নির্ধারিত স্কোরের ভিত্তিতেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top