অবসরে গেলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার সরওয়ার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৩:৩৯ পিএম
চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস। রাত সাড়ে ১০টার দিকে ডিএমপি সদরদপ্তরে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলাম কমিশনারের দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করে নজরুল ইসলাম জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।
গত ২৬ মার্চ ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। পুলিশ সদরদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল।
এদিকে, গত সপ্তাহে এস এন নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে বদলি করা হলেও এখনো তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর তিনি ডিএমপির অপরাধ ও অভিযান বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন।
১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন নজরুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান। একই বছরের ২৪ সেপ্টেম্বর তাকে অপরাধ তদন্ত বিভাগে পদায়ন করা হয়।
কর্মজীবনে তিনি অপরাধ তদন্ত বিভাগ, বিশেষ শাখা এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘ সময় তিনি পদোন্নতি বঞ্চিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:
