নিরাপদ পানি নিশ্চিত করতে কুমিল্লায় ওয়াসা গঠনের পরিকল্পনায় সরকার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১২:৩৭ এএম
কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে ওয়াসা (পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ) গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কুমিল্লা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের কারণে আধুনিক পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়েছে। এ বাস্তবতায় ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ হবে।
মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে নগরবাসীর জন্য নিরাপদ ও টেকসই পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে দেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট—এই পাঁচটি ওয়াসা কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লায় নতুন ওয়াসা গঠিত হলে দেশের ওয়াসার সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়াবে।
নগর এলাকায় সুপেয় পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থা পরিচালনা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্যপানি শোধন ও পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণসহ বিভিন্ন নাগরিক সেবায় ওয়াসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এনএফ৭১/ওতু
বিষয়:
