ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১২:২৩ এএম

সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরির কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনই কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। যদিও প্রস্তুতি এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে নির্ধারিত সময়ের মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালায় সংশোধন আনা হবে। পাশাপাশি বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি পরিস্থিতিও বিবেচনায় রাখা হচ্ছে।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা চলছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন—সব স্তরের নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা করা হচ্ছে। এসব সংস্কারে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে চায় কমিশন। এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজনের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচন কমিশনারের ভাষ্য, দেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, তা ধরে রাখতে কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top