ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:৫৫ পিএম

সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ছুটি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। একইসঙ্গে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে জরুরি সেবাখাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক বিভাগ।

এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিস এই ছুটির বাইরে থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top