ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:০৪ পিএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৪ মে) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ মে শনিবার এবং ১৪ মে রোববার অফিস খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিযোগাযোগ, ডাক বিভাগ এবং এসব খাতের সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও হাসপাতাল, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন জরুরি সেবার আওতায় কাজ চালিয়ে যাবেন।
ব্যাংকিং কার্যক্রম পরিচালনা বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ক্ষেত্রে ছুটি ঘোষণা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
