লন্ডন থেকে নিজের ব্যবহৃত বালিশ নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১২:২৫ এএম

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ড’ নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।

১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, একটি প্রকল্পে ৮০ হাজার টাকা দিয়ে একটি বালিশ কেনা হয়েছিল। এত দামের বালিশে আদৌ ঘুম হবে কি না, সেটিও ভাবনার বিষয়।

তিনি বলেন, বিদেশে থাকতে বাধ্য হওয়ার সময়ে দেশের মানুষ নিজের চোখে দেখেছে কীভাবে রাষ্ট্রের সম্পদ তসরুপ করা হয়েছে। পরে বিভিন্ন সময় এসব তথ্য আরও সামনে এসেছে।

প্রধানমন্ত্রী আরও জানান, তার বালিশ নিয়ে একটি বিশেষ সমস্যা রয়েছে এবং নির্দিষ্ট বালিশ ছাড়া তার ঘুম আসে না। তাই নিজের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে লন্ডন প্রবাস জীবনের সেই চেনা বালিশটিই বাংলাদেশে নিয়ে এসেছেন।

এর আগে অডিট প্রতিবেদন উপস্থাপনের সময়ও প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরের বালিশ কাণ্ড নিয়ে মন্তব্য করেছিলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কেনাকাটায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। বিশেষ করে বালিশ কেনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top