চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:৪৬ পিএম

সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সভায় মোট ১৬টি প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প।

এর আগে কয়েক দফা একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও তখন অনুমোদন পাওয়া যায়নি। তবে সর্বশেষ সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ সময়সীমায় বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টদের মতে, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। এতে লবণাক্ততা কমবে, মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফিরবে এবং কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর গঙ্গা-পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু নদী শুকিয়ে যায় এবং লবণাক্ততা বৃদ্ধি পায়। এ প্রেক্ষাপটেই প্রথম পর্যায়ে পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে মোট ব্যয় হবে প্রায় ৫০ হাজার ৪৪৩ কোটি টাকা। এর মূল লক্ষ্য হলো শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে দেশের নদ-নদীতে স্বাদু পানির সরবরাহ নিশ্চিত করা।

তবে প্রকল্পটি ঘিরে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ভারতের ফারাক্কা ব্যারেজ এবং ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়াকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top