সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৫:৪৭ পিএম
সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের মীরসরাইয়ের পাঁচবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় দুইবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি প্রথমবার তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত কয়েক সপ্তাহ ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। ১৯৬৪ সালে কক্সবাজারে তার পরিবারের প্রতিষ্ঠিত হোটেল সায়মনকে তিনি সম্প্রসারিত করেন। এছাড়া তিনি ‘পেনিনসুলা চিটাগাং’ নামের একটি চার তারকা হোটেলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরিবার জানিয়েছে, তার জানাজা ও দাফন সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।
এনএফ৭১/একে
বিষয়:
