রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হার্টে ব্লক, বসানো হলো রিং

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। পরে জরুরিভিত্তিতে তার সফল এনজিওপ্লাস্টি ও রিং স্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার বাংলাদেশ সংবাদ সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়।

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকরা দ্রুত এনজিওপ্লাস্টি করে সেখানে একটি রিং স্থাপন করেন। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রাষ্ট্রপতি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। পরবর্তীতে হৃদরোগজনিত জটিলতার ফলো-আপ চিকিৎসার জন্য তিনি নিয়মিত ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত এই হাসপাতালটি বিশ্বের প্রথম সফল হৃদযন্ত্র প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে পরিচিত।

গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী চিকিৎসার জন্য রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top