রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা প্রধানমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৬:৫৭ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।

এসময় সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্রশিল্প ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, প্রধানমন্ত্রী ওআইসি দেশগুলোর সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে সেই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরাও অংশ নেন।

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top