বিজিবি সতর্ক আছে যেন পুশইন না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:১৭ এএম
সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশইন যেন না ঘটে, সে বিষয়ে বিজিবিকে আগেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কোরবানির পশুরহাটের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পশ্চিমবঙ্গের নির্বাচনের পর মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা খতিয়ান রয়েছে কি না তা জানা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে কূটনৈতিক মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত তথ্য দিতে পারবে। এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি বা নির্যাতনের ঘটনার তথ্য সরকারের নজরে আসেনি বলেও জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে থেকেই বাংলাদেশ বর্ডার গার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই পুশইন না ঘটে। এ বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কোরবানির পশুর চামড়া পাচার রোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চামড়া পাচার ঠেকানোই স্বাভাবিক নির্দেশনা। এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ রয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
