নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১০:৩৯ পিএম
বিদেশি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ভিসা বন্ড এবং ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের বিপরীতে বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। নতুন এ সিদ্ধান্তের ফলে বিদেশে ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি আবেদনকারীদের জন্য লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এখন থেকে ভিসা ইস্যুর ক্ষেত্রে বাধ্যতামূলক সিকিউরিটি ডিপোজিট সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস, হাইকমিশন বা কর্তৃপক্ষের কাছে সরাসরি পাঠাতে পারবে।
এছাড়া ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করে সেখানে ভিসা বন্ড বা ডিপোজিটের অর্থ সংযোজন করতে পারবে। পূর্বে ইস্যুকৃত কার্ডেও প্রয়োজনে অর্থ পুনরায় লোড করার সুযোগ থাকবে।
সার্কুলারে বলা হয়, এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ), রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব এবং এসবের বিপরীতে ইস্যুকৃত কার্ডের অর্থ ব্যবহার করে এই লেনদেন সম্পন্ন করা যাবে।
তবে প্রতিটি লেনদেনের আগে ব্যাংকগুলোকে কঠোর যাচাই-বাছাই করতে হবে। আবেদনকারীদের বৈধ পাসপোর্ট, দূতাবাসের চাহিদাপত্র, ভিসা আবেদন সংক্রান্ত রেফারেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এসব ডিপোজিট ফেরতযোগ্য হলে তা ফেরত পাওয়ার পর দ্রুত দেশে ফেরত আনা বাধ্যতামূলক। একই সঙ্গে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসহ সব বিধিবিধান কঠোরভাবে মানতে হবে।
ব্যাংকগুলোকে এসব লেনদেন আলাদাভাবে সংরক্ষণ ও নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
